বগুড়া শহরের হাড্ডিপট্রি এলাকার পরিত্যক্ত পুকুর থেকে একটি শর্টগান উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ওই পুকুর থেকে মরিচা ধরা এ অস্ত্র উদ্ধার করা হয়। জানা গেছে, হাড্ডিপট্টি এলাকায় পরিত্যক্ত পুকুরে ছোট্ট তিন শিশু মাছ ধরতে যায়। সেখানে অস্ত্র দেখে আশপাশের লোকজনকে জানায়। পরে পুলিশে সংবাদ দেয়া হলে বগুড়া সদর থানার পুলিশ এসে অস্ত্রটি উদ্ধার করে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এসএম মঈনুদ্দীন জানান, একটি পরিত্যক্ত শর্টগান উদ্ধার করা হয়েছে। অস্ত্রের গায়ে কোন লেখা বোঝা যাচ্ছে না। পরীক্ষার পর জানা যাবে এটি আমাদের পুলিশের ব্যবহৃত নাকি অবৈধ অস্ত্র।