স্টাফ রিপোর্টার ঢাকা :রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) চেয়ারম্যান ও দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের রাজধানীর খিলগাঁওয়ের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার সকাল ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় বাসাটি খালি ছিল। চোর চক্র মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরের স্টিলের আলমারি, শোকেস ও ওয়ারড্রপের তালা এবং কাচ ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও বাসায় থাকা জরুরি কাগজপত্র নিয়ে যায়।ঘটনার পর শুক্রবারই খিলগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই দিন বিকেলে খিলগাঁও থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এস এম জহিরুল ইসলাম বলেন, দীর্ঘদিনের পরিকল্পনা করেই চোর চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন। তিনি বলেন, একটি পরিবারের স্বপ্ন ও সাধ চোর চক্র এক মুহূর্তেই শেষ করে দিয়েছে।ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকাল ৯টার দিকে নাস্তা করতে বাসা থেকে বের হন। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে বাসায় ফিরে এসে দরজার তালা ভাঙা এবং ঘরের মালামাল তছনছ অবস্থায় দেখতে পান।চুরির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এস এম জহিরুল ইসলামের বাসায় গিয়ে সমবেদনা জানান। পরে তারা খিলগাঁও থানায় গিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।এস এম জহিরুল ইসলামের সহধর্মিণী মাহবুব আরা দুলু বলেন, একজন নারীর সারা জীবনের স্বপ্ন থাকে কিছু স্বর্ণালঙ্কার গড়ে তোলার। তিনিও অনেক কষ্ট করে কিছু গহনা সংগ্রহ করেছিলেন। চোর চক্র নিমিষেই তার সেই স্বপ্ন ধুয়ে-মুছে শেষ করে দিয়েছে।এদিকে, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে।