শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিক্ষা ও শিক্ষকের মর্যাদা পুনর্প্রতিষ্ঠার প্রত্যয়ে বগুড়া র শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ উপলক্ষে একটি আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন এবং সমাজে শিক্ষকের অগ্রণী ভূমিকার কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস.এম তাজুল ইসলাম, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক এবং সদস্য সচিব রোকন-উদ্দৌলা রুবেল।
শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, হারুনুর রশিদ, মেকরাইল হোসেন, এবং শিক্ষক রবিউল ইসলাম রবি ও শাহজাহান আলীসহ অন্যান্যা শিক্ষকমণ্ডলী। বক্তারা শিক্ষকদের অধিকার, সামাজিক নিরাপত্তা এবং গুণগত শিক্ষা নিশ্চিতকরণে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।