ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা বাজার থেকে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের একজনকে ৫০০ টাকা ও অপরজনকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে নলডাঙ্গা বাজারে তাঁদের আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের আফজাল মণ্ডলের ছেলে জাহাঙ্গীর এবং এলাঙ্গী ইউনিয়নের ছোট এলাঙ্গী গ্রামের আলতাব হোসেনের ছেলে আনোয়ার হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাহাঙ্গীরকে ৫০০ টাকা এবং আনোয়ার হোসেনকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।