বগুড়ার শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঝিড়া শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় উপজেলার মাঝিড়া বন্দরে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত এসব লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে মানুষকে সচেতন করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক আব্দুল মোমিন, মাঝিড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মতিনসহ মাঝিড়া ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এর প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ ক্ষেত্রে ব্যক্তি, পরিবার ও স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।