শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে সফলভাবে সম্পন্ন হলো ১৫ দিনব্যাপী আইসিটি বেসিক প্রশিক্ষণ। এতে উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কিচক মীর শাহে আলম কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মেহেদী হাসান সৈকত মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করেছেন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) প্রশিক্ষণ সমাপনী ও মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে সর্বোচ্চ নম্বর অর্জন করে সেরা স্থান অধিকার করেন তিনি। প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান তাঁর হাতে সম্মানসূচক সনদপত্র তুলে দেন।
সনদপত্র বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল, উপজেলা সহকারী প্রোগ্রামার জহির উদ্দিন এবং উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
১৫ দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করায় মেহেদী হাসান সৈকতকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন কিচক মীর শাহে আলম কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত আধুনিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা মেহেদী হাসান সৈকতের শ্রেণি কার্যক্রমে শিক্ষার্থীদের পাঠদানকে আরও গতিশীল ও যুগোপযোগী করে তুলবে। পাশাপাশি এটি স্মার্ট ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রসারে একটি ইতিবাচক ভূমিকা রাখবে।