বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় গত শনিবার অনুষ্ঠিত ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংকার্স সিলেকশন কমিটির নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৫ ব্যাংকের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সামনে আসায় তা বাতিল করা হয়েছে। তবে শুক্রবার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার পদের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় গত ৬ নভেম্বর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এক হাজার ৫১১টি পদে জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এই পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ ওঠে।
এরপর বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, সরকারি পাঁচ ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান মিলন, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন, জনতা ব্যাংকের অফিসার শামসুল হক শ্যামল, আহ্ছানউল্লার আইসিটি টেকনিশিয়ান মোক্তারুজ্জামান রয়েল ও জামালপুরের বাসিন্দা রাইসুল ইসলাম স্বপন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোক্তারুজ্জামান আহ্ছানউল্লার অন্য সহযোগীদের মাধ্যমে প্রশ্ন ও উত্তরপত্র সংগ্রহ করেছেন বলে স্বীকার করেছেন। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বাড্ডা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে মানি লন্ডারিং আইনেও মামলা হবে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অন্তর্ভুক্ত তিন ব্যাংকের দুই লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৩ ও ২০ নভেম্বর অনুষ্ঠেয় পরীক্ষার দায়িত্ব পেয়েছিল প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্কের মুখে পড়া আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত শনিবার বিশ্ববিদ্যালয়টির দায়িত্বে অনুষ্ঠিত সমন্বিত ৫ ব্যাংকের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সামনে আসায় তা বাতিলের প্রক্রিয়া চলছে।
এদিকে, ব্যাংকার্স সিলেকশন কমিটির নিয়ন্ত্রণে দুই পরীক্ষা স্থগিত হলেও শুক্রবার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার পদের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। আগামী ১৯ নভেম্বরের ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের ৭৭১টি পদের লিখিত পরীক্ষাও হবে। বাংলাদেশ ব্যাংকের আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
১৩ নভেম্বর শনিবার সরকারি মালিকানার সোনালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদে ১৭ জনকে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। পরের শনিবার সোনালী ও জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের ১২টি পদের পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত দুই পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
বাকি পরীক্ষা অনুষ্ঠিত হবে: সরকারি তিন ব্যাংকের দু’টি নিয়োগ পরীক্ষা আপাতত স্থগিত হলেও ব্যাংকার্স সিলেকশন কমিটির নিয়ন্ত্রণে পরিচালিত অন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের যে পরীক্ষা হওয়ার কথা রয়েছে তাও অনুষ্ঠিত হবে। সহকারী পরিচালক পদের ১৮৮টি পদের জন্য এক লাখ ৫৯ হাজারের বেশি চাকরি প্রার্থী নিবন্ধন করেছেন। এছাড়া আগামীকাল শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রবাসী কল্যাণ ব্যাংকের ১১২টি অফিসার পদের জন্য এমসিকিউ টেস্ট অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য প্রায় ৯৮ হাজার চাকরি প্রার্থী নিবন্ধন করেছেন। আগামী ১৯ নভেম্বর শুক্রবার ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের ৭৭১টি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নিয়োগের জন্য ইতোমধ্যে অনুষ্ঠিত এমসিকিউ টেস্টে উত্তীর্ণ ৯ হাজার ১১৪ জন এ পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হয়েছে। তাদের পরীক্ষা হবে সকাল ১০টা পর্যন্ত ১২টা পর্যন্ত।