ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের কাজিপুরে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে নির্জন চরে ফেলে আসার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নাটুয়াপাড়ার চর থেকে ওই নারীকে উদ্ধার করেন নৌকার মাঝিসহ স্থানীয় কয়েকজন যুবক।
উদ্ধারকারী চান মিয়া বলেন, প্রতিদিনের মতো সকালে চরে ঘাস কাটতে যাই। সেখানে অন্য একটি নৌকার মাঝির ডাক শুনে কাছে গিয়ে ওই নারীকে বাঁধা অবস্থায় দেখি। পরে তারে বাড়িতে আনা হয়েছে।
ভুক্তভোগী ওই নারী বলেন, পরকীয়া সম্পর্কের জেরে কিছুদিন ধরে নির্যাতন করে আসছিলেন স্বামী। শুক্রবার হাত-পা বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরে নৌকায় তোলে আমাকে মারধরের পর বিবস্ত্র করে নাটুয়াপাড়া চরে ফেলে দিয়ে চলে যায়।
এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছে এ গৃহবধূ।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, ঘটনাটি সম্পর্কে জেনেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ওই নারীর অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।