শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ৯টায় উপজেলার মাঝিড়া বন্দরে বায়তুর রহমান জামে মসজিদের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কের পাশে এ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের উপজেলা সভাপতি তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। তিনি বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শোষণমুক্ত সমাজ গঠনে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি শ্রমিকদের কল্যাণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া জেলা সভাপতি মনজুরুল ইসলাম রাজু, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সাবেক আমীর আব্দুল লতিফ বাবু এবং উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা কাওছার আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলা চত্বর অতিক্রম করে মাঝিড়া বন্দর প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।