চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং এলাকায় গ্যাস লিক থেকে সংগঠিত বিস্ফোরণে ভবন ধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে শনিবার আল জাজিরা এ খবর জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ২৬ জনকে ঘটনাস্থল থেকে আহত উদ্ধার করা হয়েছে।
এদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের ধ্বংসস্তুপ থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার কাজে অংশ নিতে চীনের দুর্যোগ মোকাবেলা মন্ত্রণালয় ৬০০ জনের বেশি সদস্যকে ঘটনাস্থলে পাঠিয়েছে।
চীনের বার্তাসংস্থা সিনহুয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, ভারি যান ব্যবহার করে ধ্বংসস্তুপ থেকে ইটপাথর সরিয়ে নেয়া হচ্ছে।
অন্য ছবিগুলোতে দেখা গেছে, উদ্ধারকর্মী ও সামরিক বাহিনীর পোশাকে থাকা লোকজন ইটসুড়কি সরিয়ে আহতদের বের করে আনছেন।
এর আগে গত সোমবার চীনের গুইঝউ প্রদেশে ভূমিধসে একটি নির্মাণাধীন ধসে পড়ে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।