অবশেষে সামনে এলেন তালেবানের শীর্ষ নেতা বারাদার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সামনে এলেন আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তী সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার। বিগত কয়েকদিন ধরেই তাকে ঘিরে নানা ধরনের গুঞ্জন চলছিল আফগানিস্তান ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। ছড়িয়ে পড়েছিল অভ্যন্তরীণ সংঘাত ও মৃত্যুর গুজব।

তবে সব গুজবের জবাব দিতে এক ভিডিও বার্তার মাধ্যমে সবার সামনে এসেছেন মোল্লা আবদুল গনি বারাদার। গতকাল বুধবার অনলাইনে পোস্ট করা এক সাক্ষাৎকারে তিনি সংগঠনের অভ্যন্তরীণ সংঘাতে তার হতাহত হওয়ার খবর অস্বীকার করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা বারাদার। আর তার এই সাক্ষাৎকার টুইটারে পোস্ট করেছে দোহাভিত্তিক তালেবানের রাজনৈতিক কার্যালয়। সাক্ষাৎকারে বারাদার সংগঠনের ভেতরে প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে জড়ানোর কথা অস্বীকার করেন। তিনি ভালো আছেন দাবি করে তালেবানের ভেতরে বিরোধ আছে, এমন গুঞ্জনকে নাকচ করে দেন। বারাদারের সাক্ষাৎকারের যে সংক্ষিপ্ত ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়েছে, এতে তাকে সোফায় বসে থাকতে দেখা যায়। তার পাশেই রয়েছেন সাক্ষাৎকার গ্রহণকারী।

বারাদারকে নিয়ে এক সপ্তাহ ধরে একটি খবর ছড়িয়ে পড়ে। বলা হচ্ছিল, তালেবানের অভ্যন্তরীণ কোন্দল থেকে সৃষ্ট সংঘাতকালে গুলিতে নিহত হয়েছেন তিনি। পরে খবর আসে, বহাল তবিয়তে থাকলেও বারাদারের সঙ্গে মন্ত্রিসভার সদস্য ও হাক্কানি নেটওয়ার্কের প্রভাবশালী নেতা খলিল উর-রহমান হাক্কানির তুমুল বিবাদ হয়েছে।

বারাদারের নিহত হওয়ার খবর আগেই নাকচ করে তালেবান। তা ছাড়া এ খবর যে ভিত্তিহীন, তা প্রমাণ করতে আগে বারাদারের একটি অডিও বার্তা প্রকাশ করেছিল তালেবান। এখন প্রকাশ করা হলো তার ভিডিও সাক্ষাৎকার।

তালেবানের কাবুল দখলের এক মাস পূর্ণ হয় গতকাল। তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেও এখনো মন্ত্রিসভার শপথগ্রহণ হয়নি। এদিকে, অর্থনৈতিক সংকট চোখ রাঙাচ্ছে তালেবানকে। অন্যদিকে, ক্ষমতা নিয়ে গৃহবিবাদে জড়িয়ে পড়েছে সংগঠনটি। সবকিছু মিলে এখন অনেকটাই হিমশিম অবস্থা তালেবানের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023