ডেস্ক রিপোর্ট
তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রতিদিনই কাবুল বিমানবন্দরে দেশ ত্যাগে ইচ্ছুক আফগানদের ভিড় বেড়েই চলেছে। মঙ্গলবারও বিমানবন্দরে লাখো আফগান স্ত্রী-সন্তান নিয়ে হাজির হন। এতে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
গত ১৫ আগস্ট কাবুলের ক্ষমতাগ্রহণ করে তালেবান। পরদিন কয়েকশ’ পরিবার দেশ ছাড়তে জড়ো হন কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে। ওই বিমানবন্দর থেকে মার্কিন সেনারা তাদের দেশের নাগরিক ও তাদের সমর্থক আফগানদের ফিরিয়ে নিচ্ছে।
আল জাজিরার খবরে বলা হয়, দিনকে দিন বিমানবন্দরমুখি মানুষের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার বিমানবন্দরে লাখো আফগান স্ত্রী-সন্তান নিয়ে জাজির হন। তারা বিমানবন্দরের যেসব স্থানে বেসামরিক লোকজন থাকার কথা নয়, সে সব স্থানেও অবস্থান করছেন।
কাবুল বিমানবন্দরের চারপাশ অনেকটা জনারণ্যে পরিণত হয়েছে। আফগানরা যখন দেশত্যাগে কাবুল বিমানবন্দরে জড়ো হয়েছেন, তখন সতর্ক অবস্থায় নির্দিষ্ট দূরত্বে বন্দুক উঁচিয়ে প্রস্তুত রয়েছেন তালেবান ও মার্কিন সেনারা।
এর আগে সোমবার বিমানবন্দরের উত্তরের ফটকে গুলির ঘটনা ঘটে। জার্মান সেনারা জানান, অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত একজন আফগান রক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমায় যুক্তরাষ্ট্র কাবুল থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময়সীমা বাড়নোর বিষয়ে ভাবছেন। তবে তালেবান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই বিলম্ব মেনে নেবে না।