ডেস্ক রিপোর্ট
গত একদিনে ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৭২ জন মানুষ। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখ ৪৯ হাজার ৩০৬ জনে।
একই সময়ে দেশটিতে মারা গেছেন ৩৮৯ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩৪ হাজার ৭৫৬ জন।
সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী গত একদিনে দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে প্রায় ৬ হাজার। মৃত্যু কমেছে ১৪ জন।
এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে সোমবারও ভারতে বজায় রয়েছে স্বাভাবিক চিত্র। অর্থাৎ সর্বশেষ একদিনে দেশটিতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে সোমবার ভারতে সক্রিয় রোগীর সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় কমেছে।
গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৪ হাজার ১৫৭ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর এক লাফে কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৯২৪ জনে। গত ১৫৫ দিনের মধ্যে যা সর্বনিম্ন।
ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ০৩ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। ২০২০ সালের মার্চ মাসের পর থেকে এই হার সর্বনিম্ন। এদিকে সোমবার ভারতে সুস্থতার হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।