ডেস্ক রিপোর্ট
আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। গত কয়েক বছরের মধ্যে এটিই তালেবানের দখল করা প্রথম প্রাদেশিক রাজধানী। শুক্রবার আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
দুটি সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, শুক্রবার দুপুরে নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখল করে তালেবান। তবে সরকারিভাবে এখনও দখলের কথা স্বীকার করা হয়নি।
বিদেশি ও মার্কিন সেনা প্রত্যাহারের সময় তালেবান প্রাদেশিক শহরগুলোতে হামলা বৃদ্ধির পর এই দখলের কথা জানা গেলো। পশ্চিমাঞ্চলীয় হেরাত ও দক্ষিণের লস্করগাহ প্রাদেশিক রাজধানী দখলেও অভিযান চালাচ্ছে তালেবান।
ইরান সীমান্তের কাছে জারাঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। শহরটির আশপাশের জেলাগুলো ঘিরে রাখার পর তালেবান যোদ্ধারা জারাঞ্জ দখলে অগ্রসর হয়।
আফগান সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, ন্যাশনাল ডিরেক্টর অব সিকিউরিটি কার্যালয় ঘিরে এখনও লড়াই চলছে।
নিমরোজ পুলিশের এক অজ্ঞাত মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সরকারের পক্ষ থেকে আশানুরূপ বাহিনী মোতায়েন না করায় তালেবানরা শহরটি দখল করতে পেরেছে।
এর আগে শুক্রবার আফগানিস্তানের মিডিয়া ও তথ্যকেন্দ্রের প্রধান দাও খান মেনাপালকে কাবুলে নিজ কার্যালয়ে হত্যা করে তালেবান।