ডেস্ক রিপোর্ট
কৃষি আইন বাতিলের দাবিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রক্ত দিয়ে চিঠি লিখেছেন ভারতের আন্দোলনরত কৃষকরা। মঙ্গলবার তারা প্রধানমন্ত্রীকে লেখা এই চিঠি পাঠিয়েছেন। সেই সাথে আন্দোলনের আগামী দিনের কর্মসূচিও ঠিক করেছেন কৃষকরা। ইন্ডিয়া টুডে।
গত ২৮ দিন ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। এরপরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনো সিদ্ধান্ত আসেনি। সরকারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা যেমন করছেন, তেমনি মানবিকভাবে বিবেচনার চেষ্টাও করছেন তারা। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কাছে রক্ত দিয়ে চিঠি লিখেছেন কৃষকরা।
মঙ্গলবার সিঙ্ঘু সীমান্তে এক রক্তদান কর্মসূচির আয়োজন করেন আন্দোলনকারী কৃষকরা। সেখান থেকে সংগৃহীত রক্তে একাধিক চিঠি লিখেছেন তারা। চিঠিতে তাদের মূল বক্তব্য ছিল, ‘কালা আইন বাতিল করুন। অন্যথায় আন্দোলন আরও জোরালো হবে।’ চিঠিতে তারা আরও লিখেছেন, ‘নরেন্দ্র মোদি আপনি দেশের প্রধানমন্ত্রী। আমাদের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। এই তিন কৃষি আইন আমরা গ্রহণ করছি না। এগুলো বাতিল করুন।’
এই কর্মসূচির পাশাপাশি এদিন বৈঠকেও বসেন কৃষকরা। বৈঠকে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। এছাড়া সরকারের পাঠানো প্রস্তাব নিয়েও আলোচনা করেন তারা। জানা গেছে, হরিয়ানার টোল প্লাজাগুলো ফাঁকা করে দিতে রাজি হয়েছেন তারা। তবে ২৮ ডিসেম্বর থেকে আবারও জোরালো আন্দোলনে নামতে চলেছেন কৃষকরা।