শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ, শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁরা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশের কার্যক্রমের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানো প্রয়োজন। সমাজে অপরাধপ্রবণতা রোধে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় শাজাহানপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।