পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ওয়াদুদ ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চতরা ইউনিয়নের শমসেরপাড়া গ্রামের বালেরঘাট এলাকায় চতরা গ্রামের জেনারুল ইসলামের পুকুরে এ ঘটনা ঘটে। উক্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে ওয়াদুদ ইসলাম সকালে গরুর জন্য ঘাস কাটতে বের হন। পরে ঘাস ধোয়ার জন্য ওই পুকুরে নামেন তিনি। এরপর সাতার না জানায় অকস্মাত গভীর পানিতে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালান। পরে রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। দীর্ঘ চেষ্টার পর পুকুরের গভীর পানির নিচ থেকে ওয়াদুদ ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।