নাহিদ হাসান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধ :
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত এ সংঘর্ষে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাজাপুর এলাকার পদ্মপুকুরকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন হঠাৎ করেই উভয় পক্ষ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ৮ থেকে ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।” এদিকে, এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে রিফাত ও জনি নামে দুইজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে মাঝিড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সংঘর্ষে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও এলাকায় স্থায়ী শান্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।