শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট (মেডিসিন) ডা. এনামুল হক, কনসালট্যান্ট (সার্জারি) ডা. বেলাল উদ্দিন, কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. সোহেল রানা, আরএমও ডা. আবিদা সুলতানা এবং সহকারী প্রধান মো. সাইফুল ইসলাম। এছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির ভূমিকা অপরিসীম। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য সুষম খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যা যেমন খর্বাকৃতি, রক্তস্বল্পতা ও রোগপ্রবণতা কমাতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, খাদ্যাভ্যাসে বৈচিত্র্য আনা, নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ করা সম্ভব। এ জন্য পরিবার, সমাজ এবং সরকারি-বেসরকারি সকল পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে জনসাধারণের মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।