স্টাফ রিপোর্টর
নিরাপদ মাতৃত্ব এবং স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার নিয়ে বগুড়ার ঠনঠনিয়ায় অবস্থিত সাইক জেনারেল হাসপাতাল লিমিটেডে চালু হলো বিশেষায়িত ‘নরমাল ডেলিভারি সেন্টার’। গতকাল শনিবার দুপুরে হাসপাতালের নিজস্ব মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সেন্টারের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ বগুড়ার আহবায়ক অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইক জেনারেল হাসপাতাল লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান সোহেলী ইয়াসমিন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ ওয়াদুদুল হক তরফদার এবং বিএমএ বগুড়ার সদস্য সচিব সহকারী অধ্যাপক ডাঃ এম.এ ওয়াহেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডাঃ সৈয়দ শামসুল আরেফিন জুয়েল, সহযোগী অধ্যাপক ডাঃ হাসিনা আকতার রেখা, সহযোগী অধ্যাপক ডাঃ জামাল ই রাব্বী, সিনিয়র কনসালটেন্ট ডাঃ মাফরুহা জাহান, সহকারী অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন হায়দার রাসেল, সহকারী অধ্যাপক ডাঃ শওকত জামিল, সাইক জেনারেল হসপিটালের হেড অফ অপারেশন মুহাম্মদ মামুনুর রশীদ (রাসেল), মানবসম্পদ প্রধান মোঃ সাজ্জাদ কবির। সঞ্চালনা করেন ডাঃ অনামিকা রায়। উদ্বোধনী বক্তব্যে হাসপাতালের চেয়ারম্যান সোহেলী ইয়াসমিন বলেন, আমাদের মূল লক্ষ্য হলো মা ও শিশুর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান সময়ে সিজারিয়ান অপারেশনের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
সেই জায়গা থেকে বেরিয়ে এসে মায়েদের জন্য ব্যথামুক্ত এবং নিরাপদ নরমাল ডেলিভারির পরিবেশ তৈরি করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষ যেন উন্নত চিকিৎসা সেবা পায়। সাইক জেনারেল হাসপাতাল সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে বিশ্বস্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান অতিথির বক্তব্যে বিএমএ বগুড়ার আহবায়ক অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ বলেন, সুস্থ মা ও সুস্থ শিশু একটি সমৃদ্ধ জাতির ভিত্তি। নরমাল ডেলিভারির বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে এমন একটি ডেডিকেটেড সেন্টার স্থাপন সত্যিই প্রশংসনীয়। সাইক জেনারেল হাসপাতালের এই উদ্যোগ বগুড়াসহ উত্তরবঙ্গের প্রসূতি মায়েদের জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁড়াবে।
আমি আশা করি, এই সেন্টারটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঠিক প্রয়োগ এবং মানবিক সেবার সমন্বয়ে রোগীদের আস্থা অর্জন করবে। অনুষ্ঠানে বক্তারা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকারি এবং বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সাইক জেনারেল হাসপাতালের এই সেন্টারে আধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ নার্স ও চিকিৎসকদের মাধ্যমে দিনরাত ২৪ ঘণ্টা সেবা প্রদান করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা নবগঠিত সেন্টারের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন।