দিনাজপুরের ঘোড়াঘাটে চুরির অপরাধে সাগর (১৩) নামে এক কিশোরকে মারধরের অভিযোগে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) সকালে নির্যাতিত কিশোরের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় ১টি এজাহার দাখিল করলে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আবিরের পাড়া আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা মনোয়ারা বেগম তার পুত্র সাগরকে নিয়ে বসবাস করে আসছেন। এমতাবস্থায় সোমবার ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন ও ৮নং ওয়ার্ড সদস্য মফিজাল মিয়া (৫০) তাদেরকে বাড়ী থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে লোহার রড দিয়ে কিশোর সাগরকে মারপিট করতে থাকে। মারপিটের সময় কিশোরের মা মনোয়ারা বেগম তার পুত্রকে রক্ষা করতে গেলে তাকেও মারপিট করে। পরে আশ্রয়ন কেন্দ্রের ঘরে তালাবদ্ধ করে দিয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্য বলেন, অভিযুক্ত কিশোর বিভিন্ন জায়গায় চুরি করেছে তার অপরাধে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে না গেলে তাদেরকে হত্যা করবে বলে বিভিন্ন হুমকি প্রদর্শন করেন। এ সময় উপস্থিত লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বাদীনি মনোয়ারা বেগম ঘোড়াঘাট থানায় একটি এহাজার দাখিল করেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, নির্যাতিত কিশোরের মা মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় এহাজার দাখিল করেছে। অভিযোগের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামী মফিজাল মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।