টানা ছয় সপ্তাহের মতো পেরুতে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। এতে এখন পর্যন্ত ৬০ জন নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২০০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে। খবর আনাদোলু এজেন্সির।
গতকাল শনিবারের বিক্ষোভেও বিক্ষোভকারীরা দিনা বলুয়ার্তের পদত্যাগ দাবি করেছেন। এই নিয়ে গত বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে দিনা বিক্ষোভকারীদের দাঙ্গাকারী হিসেবে উল্লেখ করেছেন।
দিনা বলুয়ার্তে বলেন, বিক্ষোভকারীদের কোনও সোশ্যাল এজেন্ডা নাই কিন্তু তারা আইনশৃঙ্খলা ভঙ্গ করছে এবং ক্ষমতা জব্দের চেষ্টা চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুনোতে আরও একজনের প্রাণহানিতে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বিক্ষোভে বিক্ষোভকারীদের পাথর ছোড়ার জবাবে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এতে উভয়পক্ষের মধ্যে আহতের ঘটনা ঘটেছে।
পুলিশ দেশটির লিমায় এক বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে। সেই সময় অন্তত ২০০ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। খবর এসেছে, বিশ্ববিদ্যালয়ের বাগানে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে।
গত বছরের ডিসেম্বরে পেদ্রো ক্যাস্তিয়োকে প্রেসিডেন্ট পদ থেকে হটানো হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে তার ক্ষুব্ধ সমর্থকরা দেশটির বিভিন্ন অংশে সড়ক আটকে বিক্ষোভ অব্যাহত রেখেছে। এতে দফায় দফায় হচ্ছে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ।
এর আগে ক্যাস্তিয়োর সাবেক ডেপুটি এবং বর্তমানে পেরুর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা দিনা বলুয়ার্তে বিক্ষোভকারীদের শান্ত করতে আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। তিনি এখন বলছেন, ২০২৪ সালের এপ্রিলে সাধারণ নির্বাচন দিতে আগ্রহী।
তবে ক্যাস্তিয়ো এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলুয়ার্তের এ পরিকল্পনাকে ‘নোংরা নাটক’ অ্যাখ্যা দিয়েছেন।