মেট্রোরেল যুগে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

মেট্রোরেল এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। এক দশক অপেক্ষার পর আজ বুধবার মেট্রোরেল যুগে প্রবেশ করলো বাংলাদেশ। আজ সবুজ পতাকা দুলিয়ে মেট্রোরেলের যাত্রা শুরুর সংকেত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকিট কেটে এই বৈদ্যুতিক গণপরিবহনের প্রথম যাত্রীও হবেন তিনি।

|
মেট্রোরেলের এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঘেরা থাকবে সংশ্লিষ্ট অঞ্চল। সার্বিক নিরাপত্তার দায়িত্ব থাকবে ডিএমপির ওপর।

হেলিকপ্টার নিয়ে আকাশে টহল দেবে র‍্যাব। বেলা ১১টায় উত্তরার ১৫ নম্বর সেক্টরে উদ্বোধনী অনুষ্ঠানস্থলে যাবেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর উদ্বোধনের আদলে মেট্রোরেল উদ্বোধনের দিনও একটি সুধী সমাবেশ হবে। উত্তরা ১৫ নম্বর সেক্টরে সেই অনুষ্ঠানে মেট্রোরেলের ফলকের একটি প্রতিরূপ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। ধাপে ধাপে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ২০০ জন আমন্ত্রিত অতিথিকে সঙ্গে নিয়ে মেট্রোরেলে চেপে তিনি আগারগাঁও প্রান্তে আসবেন।

উদ্বোধনের পরের দিন বৃহস্পতিবার সাধারণ যাত্রীদের জন্য খুলে দেয়া হবে মেট্রোরেল। মেট্রোরেলে নারী, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্যে থাকবে বিশেষ সুবিধা। এছাড়া তিন ফুটের কম উচ্চতার শিশুদের ভাড়া লাগবে না। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে এটি। পুরোদমে চালু হলে মেট্রোরেল ঘণ্টায় ৬০ হাজার ও দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহন করতে পারবে। মূলত মেট্রোরেল নির্মাণ হবে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত ২২ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ এ মেট্রোরেল দেশের যোগাযোগ ইতিহাসে নতুন সংযোজন। আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এলাকা জনগণের যাতায়াতের জন্য খুলে দেয়া হচ্ছে। ২০২৪ সালের মধ্যে পুরো পথ বাণিজ্যিক যাত্রার জন্য প্রস্তুত হবে বলে কর্তৃপক্ষ আশা দিচ্ছে।

এর আগে ২০১২ সালের জুলাই মাসে মেট্রোরেল প্রকল্প গ্রহণ করা হয়। এটি বাস্তবায়নের প্রাথমিক মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। যদিও পরে মেয়াদ বাড়ানো হয়। কিন্তু তার আগেই মেট্রোরেলের একটি অংশ উদ্বোধন হতে যাচ্ছে। মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

২০১৭ সালের ৩ আগস্ট মেট্রোরেল প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন করেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের সামনের সড়কে এর উদ্বোধন করা হয়। শুরুতে ওবায়দুল কাদের মেট্রোরেলের মূল কাজের ফলক উন্মোচন করেন। এরপর নিজেই চেপে বসেন পাইলিং মেশিনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023