বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওষুধ প্রতিষ্ঠানে কর্মরত মতিউর রহমান (৪০) খুন হয়েছেন। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে শহরের নিশিন্দারা এলাকার এক এনার্জি পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
মতিউর রহমান বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের কালিবালা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি শহরের গোদারপাড়া এলাকার বি.জি ল্যাবরেটরিজে কর্মরত ছিলেন৷
মতিউরের লাশ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া।
বগুড়া সদর থানা পুলিশ জানায়, আজ ২৪ ডিসেম্বর শনিবার সকালে মতিউর বাড়ি থেকে বের হয়ে গোদারপাড়া তার অফিসে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে নিশিন্দারা এলাকায় ছুরিকাঘাত করেন। স্থানীয়রা মতিউরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০ টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া জানান, নিহতের মরদেহ মর্গে রাখা আছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মতিউর খুন হয়েছেন। এ বিষয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ শুরু হয়েছে।