কমান্ড মেনে চলতে বিজিবি সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনও বাহিনীর জন্য মূল চালিকাশক্তি হচ্ছে শৃঙ্খলা, চেইন অব কমান্ড। কখনও শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। অর্পিত দায়িত্ব মেনে চলবেন ও চেইন অব কমান্ড মেনে চলবেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় সরকারপ্রধান বলেন, সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন ও মানুষের জানমালের নিরাপত্তা আগের চেয়ে সহজ হয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। যারা গৃহহীন আমরা তাদের থাকার ব্যবস্থা করেছি। খাদ্য সংয়সম্পূর্ণ অর্জন করেছে দেশ।

করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, মন্দা যেন আমাদের দেশে না আসে সেজন্য সবাইকে সতর্ক হতে হবে। দেশের কোথাও এক ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খাদ্য উৎপাদন করে বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু করে চলতে হবে।

এর আগে সকাল ১০টার দিকে বিজিবি সদর দপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এরপর তিনি পুরো প্যারেড গ্রাউন্ড ঘুরে দেখেন এবং উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী, বিজিবি ডিজিসহ বিজিবি কর্মকর্তা ও উপস্থিত অতিথিদের অভিবাদন গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে পরে শুরু হয় বিজিবির কুচকাওয়াজ।

বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক প্রদান এবং পরে বিজিবি সদস্যদের বিশেষ দরবারে অংশ নেন সরকারপ্রধান।

উল্লেখ্য, বিজিবি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল, পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর সংলগ্ন আইসিপিতে বিজিবি-বিএসএফ কর্তৃক জমকালো ‘জয়েন্ট রিট্রিট সিরিমনি’ অনুষ্ঠিত হবে।

বিজিবি দিবস উদযাপনের অংশ হিসেবে বুধবার (২১ ডিসেম্বর) সকালে পিলখানার সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে। দরবার শেষে মহাপরিচালক কর্তৃক বিজিবিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক ও ইনসিগনিয়া প্রদান করা হবে।

এছাড়াও অপারেশনাল কার্যক্রম, চোরাচালান নিরোধ এবং মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান এবং অনারারী সুবেদার মেজর থেকে অনারারী সহকারী পরিচালক ও অনারারী সহকারী পরিচালক থেকে অনারারী উপ-পরিচালক পদে পদোন্নতি প্রাপ্তদের র‍্যাংক ব্যাজ পরানো হবে। এ অনুষ্ঠানে বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা/উত্তরাধিকারীদের সংবর্ধনা, অনুদান ও উপহার দেয়া হবে।

এছাড়া বিজিবি দিবস-২০২২ উপলক্ষে দুপুরে প্রীতিভোজ এবং সন্ধ্যায় পিলখানার ঢাকা সেক্টর মাঠে বিজিবি’র নিজস্ব অর্কেস্ট্রা ও শিল্পীসহ দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিজিবি দিবস উদযাপন উপলক্ষে পিলখানা ছাড়াও ঢাকার বাহিরে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট পর্যায়ে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, মিলাদ ও বিশেষ দোয়া, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানটি বিটিভিসহ অন্যান্য বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে স্মরণিকা প্রকাশের পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023