বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ।
এ বিষয়ে ডিবি প্রধান বলেন, বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে তিনি (ফারদিন) আত্মহত্যা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
এদিকে ফারদিন আত্মহত্যা করেছেন- ডিবি এমন তথ্য জানানোর আগে র্যাবের পক্ষ থেকে এ ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানানো হয়। বুধবার বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিহতের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য এবং অগ্রগতি পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে রামপুরা থানায় মামলা হয়।
ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে ওই মামলা করেন। মামলার পর গত ১০ নভেম্বর ফারদিন নূর পরশকে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে ব্রিফ করবেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য নিখোঁজের ৩ দিন পর গত ৭ নভেম্বর বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিনের অর্ধগলিত মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।