বগুড়ায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বগুড়া শহরের পুরান বগুড়ার মোল্লাপাড়ার ভাড়া বাসা থেকে পুলিশ ওই নারীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার হওয়া জেওন আফরোজ কনিকা (৩৯) বগুড়া সদর উপজেলার কৈচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সিরাজুল ইসলামের স্ত্রী। পুলিশ জানায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ধরে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক (এসআই) রুবেল সরকার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্কুলশিক্ষিকা জেওন আফরোজের স্বামী সিরাজুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে যশোরে কর্মরত আছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে স্বামী সিরাজুলের সঙ্গে তার মোবাইলফোনে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি অভিমানে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পুলিশ কর্মকর্তা আরও বলেন, স্কুলশিক্ষিকা ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। তবে এর সঠিক কারণ আমরা এখনো জানতে পারিনি। ময়নাতদন্ত শেষে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।