ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলেও উল্লেখ করেন তিনি। গতকাল রোববার ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। খবর বিবিসি ও রয়টার্সের।
ভিডিওতে পুতিন বলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা ধ্বংসের লক্ষ্যে চালানো সন্ত্রাসী কর্মকাণ্ড। ইউক্রেনের স্পেশাল সার্ভিসের পরিকল্পনা, অংশগ্রহণ ও নির্দেশে এই হামলা হয়েছে।
পুতিনের এই বক্তব্যের আগে গতকাল দিনের শুরুর দিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। একটি অ্যাপার্টমেন্ট ব্লক ও কয়েকটি আবাসিক ভবনে চালানো এই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত ও ৮৯ জন আহত হন বলে জানান ইউক্রেনীয় কর্মকর্তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তদন্ত কমিটির প্রধান আলেক্সান্দার বাস্ত্রিকিনের সঙ্গে বৈঠক করেন পুতিন। তিনি গত শনিবারের গাড়ি বিস্ফোরণ ও পরবর্তী সময়ে সেতুতে আগুন ধরে যাওয়ার ঘটনায় তদন্তে পাওয়া বিষয়গুলো তুলে ধরেন।
ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের এই সংযোগ সেতুটি কার্চ সেতু হিসেবেও পরিচিত। এটি দক্ষিণ ইউক্রেনে রুশ বাহিনীর গুরুত্বপূর্ণ সরবরাহ রুট।
এদিকে, সেতুতে বিস্ফোরণের ঘটনায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ইউক্রেনীয় কর্মকর্তাদের। তবে তারা হামলার দায় স্বীকার করেননি।
উল্লেখ্য, রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া দ্বীপের একমাত্র সংযোগ রক্ষাকারী সেতুটিতে গত শনিবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ সময় সেতুর রেলপথ ধরে তেলবাহী ট্যাঙ্কার যাওয়ার সময় আগুন ধরে যায়। ওইদিন বিস্ফোরণের ঘটনায় তিন জন মারা গেছেন।