ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি দুপুর ১২টায় (বাংলাদেশ সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায় ।
এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদনদীর পানিবণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্য সূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী এ সফরকালে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন।
করোনাভাইরাস মহামারি প্রাদুর্ভাবের আগে ২০১৯ সালে তার সবশেষ সফরের পর ৫ থেকে ৮ সেপ্টেম্বর তার ভারত সফরের সময় বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।