আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট। নির্বাচন সামনে রেখে বেশ জমে উঠেছে দুই প্রার্থীর টেলিভিশন বিতর্ক। একটি বিতর্কে প্রেসিডেন্ট প্রার্থী মেরিন ল্য পেন বলেছেন, নির্বাচিত হলে তিনি ফ্রান্সে হিজাব নিষিদ্ধ করবেন।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়- এক টেলিভিশন বিতর্কে ল্য পেন বলেছেন, ‘আমি যদি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হই, তাহলে দেশে হিজাব নিষিদ্ধ করে দেব। তবে হিজাব নিষিদ্ধ করলেও আমার যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়।’ তবে ডানপন্থী পেনের এমন বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিন্দা জানিয়েছেন অনেকেই।
অন্যদিকে, পেনের উদ্দেশে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। নিশ্চিতভাবে বলতে পারি আপনি গৃহযুদ্ধের সূচনা করতে যাচ্ছেন।
২০০২ সালের পর থেকে কোনো ফরাসি প্রেসিডেন্ট পরপর দুবার নির্বাচিত হননি। প্রথম পর্বে জয় পেলেও বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর জন্য দ্বিতীয় পর্বে জয়ী হওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।