তানজানিয়ার পূর্বাঞ্চলে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটলেও শনিবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে একটি বিবৃতিতে হতাহতের কথা জানানো হয়। ট্রাকটি একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
দুর্ঘটনার পর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু। তানজানিয়াতে মাঝে মাঝেই এমন বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে। ২০১৭ সালে দ্রুতগতির একটি বাস দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে ৩২ জনই ছিল শিশু। দু’বছর আগে একটি কোচ ও ট্রাকের সংঘর্ষে ৪২ জন নিহত হন।