যুদ্ধবিরোধী বিক্ষোভে রাশিয়ায় আটক ৩ হাজার ৫০০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২

ইউক্রেনে চলমান রুশ বাহিনীর হামলার প্রতিবাদে রাশিয়াতেই ক্রমাগত বিক্ষোভ চলছে। রোববার (৬ মার্চ) বিক্ষোভ চলাকালে রাজধানী মস্কোসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় সাড়ে তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে রুশ প্রশাসন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, রোববার মস্কোতে প্রায় আড়াই হাজার মানুষ রুশ হামলার বিরুদ্ধে বিক্ষোভে করেন। তাদের ভেতর থেকে প্রায় ১ হাজার ৭০০ জনকে আটক করা হয়। রাশিয়ার আরেক শহর সেন্ট পিটার্সবার্গে বিক্ষোভ করেছেন দেড় হাজারের মতো মানুষ। তাদের ভেতর থেকে অর্ধেক সংখ্যক মানুষকে আটক করা হয়েছে।

মানবাধিকারবিষয়ক ওয়েবসাইট ওভিডি-ইনফো থেকে জানানো হয়েছে, ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে এখন পর্যন্ত যুদ্ধ বিরোধী বিক্ষোভ থেকে রাশিয়াজুড়ে অন্ততপক্ষে ১০ হাজার ৯৪৬ জনকে আটক করেছে রুশ কর্তৃপক্ষ।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক খবরে জানিয়েছে, আটক হওয়া বিক্ষোভকারীদের স্থানীয় থানায় রাখা হয়েছে। তাদের বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছে রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দেশ রক্ষায় ইউক্রেনের সেনারাও রুশ বাহিনীর সাথে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। গত ১০ দিন ধরে চলমান এই লড়াইয়ে হতাহতের পাশপাশি ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ।

রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনেও বিভিন্ন স্থানের রুশ সেনাদের সামনেই যুদ্ধ বিরোধী বিক্ষোভ করেছেন ইউক্রেনের সাধারণ নাগরিকরা।

এদিকে যুদ্ধ বন্ধে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা বেলারুশ সীমান্তে দুইবার আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হয়নি। এমন পরিস্থিতিতে সোমবার আবারও দুই পক্ষ আলোচনায় বসতে পারে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023