হিজাব নিয়ে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ধর্মীয় পোশাক পরে কলেজে প্রবেশ করতে পারবেন না। বৃহস্পতিবার এক মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে কর্নাটক হাই কোর্ট।
আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে ১৪ ফেব্রুয়ারি সোমবার।
হিজাব নিয়ে সরকারি নির্দেশের বিরুদ্ধে আদালতে একটি মামলা চলছে। হার্ই কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি চলছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করার আগে প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি জানান, কর্নাটকের কলেজগুলো খোলা যেতে পারে। তবে যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই পড়ুয়ারা কোনো রকম ধর্মীয় পোশাক পরে কলেজে প্রবেশ করতে পারবেন না।
এদিন শুধু মুখের কথা শুনে কোনো রকম প্রতিবেদন না করার জন্য সাংবাদমাধ্যমকে নির্দেশে দিয়েছেন আদালত। শিক্ষার্থীদের সঙ্গে আচরণে সংযম বজায় রেখে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত ভারতের কর্নাটক রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। এরই মধ্যে মুসকান নামে এক মুসলিম তরুণীর প্রতিবাদী ভিডিও ভাইরাল হয়েছে। তার সাহসের তারিফ করছেন সারা দুনিয়ার মানুষ। অন্যদিকে হিজাব বিরোধী অবস্থানকে সাম্প্রদায়িক বলে তীব্র সমালোচনা চলভে। সূত্র: আনন্দবাজার