সরকারের স্বীকৃতি এবং আন্তর্জাতিক সমর্থনের জন্য তালেবানকে অবশ্যই মানবাধিকারের প্রতি সম্মান দেখানো উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ২০২২ সালের জন্য তার অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরার সময় মহাসচিব এ কথা বলেন। টোলো নিউজের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
আফগানিস্তান ইস্যু এবং দেশটিতে বিরাজমান মানবাধিকার পরিস্থিতির প্রসঙ্গ টেনে গুতেরেস বলেন, ইসলামিক শাসনের দেশ হিসেবে স্বীকৃতি আদায় এবং আন্তর্জাতিক সমর্থন অর্জনের জন্য তালেবানকে নারী ও মেয়েদের অধিকারের প্রতি শ্রদ্ধা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখানো প্রয়োজন।
তিনি আরও বলেন, স্বীকৃতি আদায়ের লক্ষ্য পূরণে এটি তাদের জন্য একেবারে অপরিহার্য। সেইসঙ্গে নিজ দেশের জনগণের জন্য আন্তর্জাতিক সমর্থন পাওয়ার উদ্দেশ্যে নারী ও মেয়েদের অধিকারের প্রতি পূর্ণ সম্মান এবং মানবাধিকারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখানো তালেবানদের জন্য একেবারে অপরিহার্য।
আশরাফ গনি সরকারের পতনের পর দেশটির অধিকাংশ অঞ্চলে মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ কারণে আফগানিস্তানে নারীর কাজ করার অধিকার এবং মেয়েদের শিক্ষার অধিকার এই দুটি মূল বিষয় তালেবানকে স্বীকৃতিদানের শর্তের অংশ হিসেবে নির্ধারণ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।
টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত থমাস ওয়েস্ট বলেছেন, নতুন বছরে যদি তালেবান মেয়েদের সমস্ত স্কুল পুনরায় খুলে দেয় সে ক্ষেত্রে আফগান শিক্ষকদের বেতন আন্তর্জাতিক সম্প্রদায় দেবে।
জাতিসংঘ প্রধান আরও বলেন, বিশ্ব এখন পাঁচটি সমস্যা মোকাবিলা করছে। সেগুলো হলো-কভিড-১৯ মহামারি, বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু, সাইবারস্পেসে অপরাধ এবং শান্তি ও নিরাপত্তা। তিনি জানান, এগুলো মোকাবিলা করার জন্য সব দেশের সংহতি ও সমর্থন প্রয়োজন।
গুতেরেস বলেন, এখন শুধু এসব সমস্যা তালিকাভুক্ত করা এবং পরিতাপ করার সময় নয়, এখন সময় কাজ করার।