অবশেষে পরিবর্তন আসতে চলেছে ‘সাদা আমি কালো আমি’ ওয়েব সিরিজের শিল্পী তালিকায়। কলকাতার আনন্দবাজার অনলাইনকে এ কথা জানিয়েছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। তিনি জানান, বেশ কিছু শিল্পীর নাম আগে ঘোষণা করা হয়েছিল। সেখানে অনেক বদল দেখা যাবে।
নকশাল আন্দোলনের পটভূমিতে নির্মিত এই সিরিজে নকশালবাদী নেতা চারু মজুমদার হিসেবে অভিনয় করবেন বলিউড মাতানো মনোজ বাজপেয়ী। নওয়াজউদ্দিন সিদ্দিকী থাকছেন না। ছবিতে চারুর বন্ধু কানু সান্যাল হবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
ছবিতে জ্যোতি বসুর চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়ালকে। চারুর স্ত্রী লীলা মজুমদারের ভূমিকায় জয়া আহসানকেই দেখা যাবে, যা আরও আগেই ঘোষণা দিয়েছিলেন পরিচালক।
তিনি আরও জানান, নতুন বছর পূজার পরে শুরু হবে সিরিজের শুটিং।
১৯৬৭-র নকশালবাড়ি আন্দোলন নিয়ে তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হতে চলেছে এই সিরিজ। প্রযোজনায় অরিন্দম চট্টোপাধ্যায়ের সিনেক্স।
সায়ন্তন আগে বলেছিলেন, সিরিজে চারু মজুমদার হবেন নওয়াজ। এ চরিত্রেই পরিবর্তন আসতে যাচ্ছে। কেন এই বদল? সায়ন্তন জানিয়েছেন, বেঁকে বসেছেন নওয়াজ। তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন অনেকটাই। অন্যদিকে, মনোজ পুরোটা জানার পর থেকে সিরিজটি নিয়ে যথেষ্ট আগ্রহী। তাই মনোজই ‘চারু মজুমদার’ হয়ে পর্দায় আসতে চলেছেন।
পরিবর্তন এসেছে আরও। আগে শাশ্বত চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছিল চারু মজুমদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে। সায়ন্তনের কথায়, প্রযোজক এবং তার সম্মিলিত ইচ্ছেয় এবার চারুর ‘ছায়া সঙ্গী’ হতে চলেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। সিরিজে পরিচালকের দ্বিতীয় বাংলাদেশ-যোগ।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তিনটি পর্বে দেখানো হবে ‘সাদা আমি কালো আমি’। প্রথম পর্বে থাকবে ১৯৪৭-১৯৭২ সাল। ১৯৭২-১৯৯০ পর্যন্ত উঠে আসবে দ্বিতীয় পর্বে। শেষ পর্বে থাকবে তার পরের সময় থেকে বর্তমান প্রেক্ষাপট। দ্বিতীয় দফায় থাকবে কিষেণজির চরিত্র। দেখা যাবে বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
কলকাতা, মুম্বাই, কেরলা, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি চিন, রাশিয়াতেও ছবির শুটিং করার ইচ্ছে পরিচালকের।