টিভি স্ক্রিনে মিলবে খাবারের স্বাদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

রেস্টুরেন্টে যেতে হবে না, ঘরে বসে টেলিভিশনের স্ক্রিন চাটলেই নেওয়া যাবে খাবারের স্বাদ। বিষয়টি আশ্বর্যজনক মনে হলেও জাপানের একজন অধ্যাপক এমনই এক টেলিভিশন বানিয়েছেন, যা মানুষের স্বাদ ইন্দ্রিয়কেও তৃপ্ত করবে! টেলিভিশনের স্ক্রিনে কোনো খাবারের ছবি দেখালে, দর্শকরা টিভির স্ক্রিন জিহ্বা দিয়ে চেটে সেই খাবারের স্বাদ নিতে পারবেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে- বিস্ময়কর এই টেলিভিশন তৈরি করেছেন জাপানের মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমি মিয়াশিতা। তিনি তার নতুন এই আবিষ্কারের নাম দিয়েছেন ‘টেস্ট দ্য টিভি’ বা সংক্ষেপে ‘টিটিটিভি’।টিটিটিভি ডিভাইসটিতে ১০টি স্বাদের ক্যানিস্টারের একটি ক্যারোসেল ব্যবহার করা হয়েছে। ক্যারোসেল থেকে বিভিন্ন কম্বিনেশনে ওই ১০টি স্বাদ স্প্রে করে কোনো নির্দিষ্ট খাবারের স্বাদ তৈরি হয়। সেই স্বাদের নমুনা একটি ফ্ল্যাট টিভি স্ক্রিনের ওপর হাইজেনিক ফিল্মে রোল করা হয়। ফলে দর্শকরা টিভি স্ক্রিন চাটলেই ওই খাবারের স্বাদ পাবেন।

অধ্যাপক হোমি মিয়াশিতা বলছেন, করোনা মহামারির সময়ে যখন মানুষ শারীরিকভাবে বিচ্ছিন্ন, সেই সময়ে এই ধরনের প্রযুক্তি মানুষের সংযোগ ও যোগাযোগের উপায়কে উন্নত করতে পারে। তিনি আরও জানিয়েছেন, যন্ত্রটি তৈরির ক্ষেত্রে তার লক্ষ্য ছিল ঘরে বসেও যেন মানুষ বিশ্বের অন্য প্রান্তের কোনো রেস্তোরাঁয় খাওয়ার মতো অভিজ্ঞতা লাভ করতে পারেন, সেটা সম্ভব করা। আর এই কাজে তাকে সহায়তা করেছেন মেইজি বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীর একটি দল।
রয়টার্স বলছে, এটি বাণিজ্যিকভাবে তৈরি করতে প্রায় ১ লাখ জাপানি ইয়েন (৮৭৫ ডলার) খরচ হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭৫ হাজার টাকা।

মিয়াশিতা বলেছেন, দূর থেকে খাবারের স্বাদ নেওয়া ছাড়াও যারা রান্নার কোর্স করেন, তারা দূর থেকেই এই টিভির মাধ্যমে শিক্ষা নিতে পারবেন। এ ছাড়া টেস্টিং গেম এবং কুইজ প্রতিযোগিতার মতো অনুষ্ঠানে এই টিভিগুলো বেশ কার্যকর হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023