সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির এক কর্মকর্তাকে হত্যা করতে চেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। সাদ আলজার্বি নামে অর্থ বিভাগের সাবেক এ সৌদি কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। খবর এনডিটিভির।
মার্কিন গণমাধ্যম সিবিএসের সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান ‘৬০ মিনিটে’ তিনি সৌদি যুবরাজের বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করেন।
যুবরাজের আর্থিক দুর্নীতির তথ্য যাতে ফাঁস না হয়, এ জন্য চার বছর আগে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে জানান সাদ আলজার্বি। শুধু তাই নয়, সাবেক এক সৌদি গোয়েন্দা কর্মকর্তাও মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ উত্থাপন করেছেন।
তিনি বলেন, ২০১৪ সালে তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল্লাহকে বিষ প্রয়োগে হত্যা করতে চেয়েছিলেন যুবরাজ। ২০১৫ সালে বাদশাহ আব্দুল্লাহ মারা যাওয়ার পর যুবরাজের বাবা সালমান বিন আব্দুল আজিজ সৌদির সিংহাসনে আরোহন করেন।