বগুড়া জেলা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব, বগুড়া পৌরসভার কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, বগুড়া পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা পূজামণ্ডপের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনাসহ পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বগুড়া জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং জেলার বারোটি থানা থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।