দিল্লিতে আদালতে ঢুকে গুলি, গ্যাংস্টারসহ নিহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতের রাজধানী নয়া দিল্লির আদালতকক্ষের মধ্যেই চলল গুলি। শুক্রবার দুপুরে গুলির লড়াইয়ে অন্তত চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন। দিল্লির কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে এ লড়াইয়ে। খবর আনন্দবাজার অনলাইনের।

উত্তর দিল্লির রোহিণীতে আদালতকক্ষের মধ্যেই বিরোধী দুই দুষ্কৃতী দলের মধ্যে গুলির লড়াই শুরু হয়। বেশ কয়েকজন দুষ্কৃতী আইনজীবীদের পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিল।

কুখ্যাত দুষ্কৃতী গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। সে রকম এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগীকে। তখনই তার বিরোধী পক্ষের দুষ্কৃতীরা তার উপর গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ বলছে, কয়েক জন দুষ্কৃতী আইনজীবীদের পোশাক পরেই আদালত চত্বরে ঢুকে পড়েছিল ।

গোগীর উপর হামলার ঘটনায় ‘টিল্লু’ দলের দুষ্কৃতীরা জড়িত বলে সন্দেহ পুলিশের। দুষ্কৃতীদের গুলি চালনার মধ্যেই পাল্টা গুলি চালিয়েছে পুলিশও। সেই গুলিতে দুষ্কৃতী দলের দু’জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, শুক্রবারের এ ঘটনায় আদালত চত্বরের মধ্যে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে। সেখানে কর্মরত এক মহিলা আইনজীবীও আহত হয়েছেন।

রোহিণীর ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, ‘আইনজীবীর পোশাক পরে আততায়ীরা আদালতের মধ্যেই গোগীর উপর গুলি চালায়। তার পর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।’

যেভাবে ঘটলো ঘটনা: ভরা আদালত চত্বর। তার মধ্যেই এলোপাথাড়ি গুলি চলল। গুলির আওয়াজেই তখন চারপাশে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। শুক্রবার দিল্লির রোহিণী আদালতে নিয়ে আসা হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগীকে। তাকে নিশানা করতে আগে থেকেই সেখানে হাজির ছিল তার বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতীরা।

গোগীকে নিয়ে যখন আদালত চত্বরে ঢোকে পুলিশ। তখনই তার উপর হামলা চালায় দুই দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলির মধ্যে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোগীর। পাল্টা পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী দুই দুষ্কৃতী।

গুলি চলার সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বন্দুক উঁচিয়ে ছুটে যাচ্ছে পুলিশ। একটি ঘরের ভিতরে যে তাণ্ডব চলছে, ভিডিওতে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই ঘরেই গোগীর উপর হামলা হয়। পাল্টা পুলিশের গুলিতে নিহত হয় দুই হামলাকারী। ভরা আদালতে তখন রক্তারক্তি কাণ্ড, যা দেখে শিউরে উঠেছেন প্রত্যক্ষদর্শীরাও।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023