স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শহরে মোটা চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ওই নিষেধাজ্ঞা বহাল থাকবে৷ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর শফিউল হোসেন।
জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, শহরে যানযট ও জনদুর্ভোগ কামানোর উদ্দেশ্য মোটা চাকার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে দেওয়া হবেনা। এজন্য শহরে চারটি গুরুত্বপূর্ণ স্থানে তাদের চেকপোস্ট থাকবে।
স্থানগুলো হচ্ছে- ইয়াকুবিয়া মোড়, দত্তবাড়ি মোড়, এসপি ব্রিজ ও সেউজগাড়ী আমতলী মোড়। পাশাপাশি কেউ নিয়ম ভেঙে শহরে প্রবেশ করলে সেই সব যানবাহন আটক করা হবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, যানযট নিরসন ও সাধারণ মানুষের ভোগান্তি কমানো আমাদের মূল লক্ষ্য। এজন্য করনীয় সব কাজ করা হবে।
তিনি আরও জানান, মোটা চাকার অটোচালকদের সতর্ক করতে শহর জুড়ে জেলা পুলিশের পক্ষ থেকে আমরা মাইকিং এর মাধ্যমে প্রচারণা করেছি পাশাপাশি চেকপোস্ট গুলোতে বড় ব্যারিকেড পোস্টারিং করা হয়েছে।