ডেস্ক রিপোর্ট
আমেরিকা বাহিনীর মতোই পোশাক। হাতে অত্যাধুনিক বন্দুক, হেলমেটে নাইট ভিশন ক্যামেরা। একেবারে সেনার কায়দায় তল্লাশি চালাতে কাবুল বিমানবন্দরে ঢুকে পড়ল তালেবান যোদ্ধারা। বিমানবন্দরের যে অংশ এত দিন দখলে রেখেছিল মার্কিন বাহিনী, সোমবার গভীর রাতে তারা বিমানবন্দর ছাড়তেই সেখানে তল্লাশি অভিযানে যায় তালেবান।
লস অ্যাঞ্জেলস টাইমস-এর সাংবাদিক তালেবান যোদ্ধাদের সেই অভিযানের ভিডিও শেয়ার করেছেন টুইটারে। রাতের অন্ধকারে সেনার পোশাকে বেশ কয়েক জন তালেবান যোদ্ধা ঢুকে পড়ে বিমানবন্দর চত্বরে। সেখানে মার্কিন বাহিনীর রাখা একটি চিনুক হেলিকপ্টার ভালভাবে খতিয়ে দেখে তারা।
মাঝেমধ্যেই গুলি এবং বাজি ফাটার আওয়াজ ভেসে আসছিল বিমানবন্দরের বাইরে থেকে। তালেবানের উল্লাসও ছিল চোখে পড়ার মতো।
সোমবার গভীর রাতে আমেরিকা বাহিনী কাবুল বিমানবন্দর ছাড়তেই তা পুরোপুরি দখলে চলে গিয়েছে তালেবানের। ভিডিওতে দেখা যাচ্ছে, একের পর এক গেট পেরিয়ে বিমানবন্দরে ঢুকছে তালেবান যোদ্ধারা। তারপর হ্যাঙ্গারে রাখা চিনুক হেলিকপ্টার দখলে নেয় তারা। তালেবান যোদ্ধাদের চোখেমুখে খুশির ছাপ স্পষ্ট ধরা পড়েছে।
মার্কিন বাহিনী কাবুল ছাড়তেই তালিবান ‘পূর্ণ স্বাধীনতা’ ঘোষণা করেছে। উল্লাসে মেতেছে তালেবান যোদ্ধারা। বাজি ফাটিয়ে, শূন্যে গুলি, রকেট ছুড়ে তারা ‘স্বাধীনতা’ উদযাপন করেছে।
ভিডিও দেখতে ক্লিক করুন: ভিডিও-১