ডেস্ক রিপোর্ট
লঘুচাপটি ভারতের স্থলভাগে উঠে গেছে। বাংলাদেশে এর প্রভাব নেই। মৌসুমি বায়ুর প্রভাবে দেশে বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় পাঁচ বিভাগে বেশি ও তিন বিভাগে কম বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্রিশগড় ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
তিনি বলেন, সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে, ৫১ মিলিমিটার। এসময়ে ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।