ডেস্ক রিপোর্ট
ভারতের মথুরার রাস্তায় দোসা বিক্রি করেন এক মুসলিম ব্যক্তি। তার দোকানের নাম ‘শ্রীনাথ দোসা সেন্টার’। হিন্দু দেবতার নামে কেন তিনি নিজের দোকানের নামকরণ করেছেন – এ প্রশ্ন তুলে কয়েকজন ব্যক্তি চড়াও হন তার দোকানে। হুমকি দেওয়ার পাশাপাশি তার দোকান ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই মামলা দায়ের করে পুলিশ। খবর আনন্দবাজার অনলাইনের।
মথুরার ওই দোসা বিক্রেতার নাম ইরফান। বিকাশ বাজার এলাকায় একটি স্টলে দোসা বিক্রি করেন তিনি। ১৮ আগস্ট তার দোকানে আসে একদল লোক। তারাই দোকানে ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে।
নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘দোকানের নাম দেখে হিন্দুরা ভুল করে এ স্টলে খায়।’ অপর একজন দোসা বিক্রেতাকে বলছেন, ‘তুমি কেন দোকানের নাম মুসলিম নামে রাখোনি?’ নিজেদের ‘কৃষ্ণভক্ত’ হিসাবে পরিচয় দিয়ে তাদের মুখে মথুরাকে ‘শোধন’ করার কথাও বলতে শোনা গেছে ওই ভিডিওতে।
এ ঘটনা নিয়ে শনিবার মামলা দায়ের করেছে মথুরার কোতয়ালি থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৭ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা নিয়ে সেখানকার পুলিশ সুপার মার্তণ্ডপ্রকাশ সিং বলেন, ‘আইনভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।’ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি।