স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার গাবতলীতে আব্দুল লতিফ নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া গাবতলী উপজেলার হাসনাপাড়া এলাকার মৃত আনিছার রহমানের ছেলে নাহিদ রাসেল (৩৮), আবদুল গফুরের ছেলে সোহান মোল্লা (১৯) ও জয়নাল আবেদীনের ছেলে মিঠু মিয়া (৪০) এবং জয়ভোগা উত্তরপাড়া এলাকার ফজলুল রহমানের ছেলে সজিব (২৪)।
মঙ্গলবার ভোররাত ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, গত ২৩ আগস্ট রাত ১০টার দিকে আব্দুল লতিফ (৪৫) গাবতলী ডাকবাংলো হতে ভূমি অফিস গাবতলীর উদ্দেশে বের হয়ে যান। পরবর্তী সময়ে ভিকটিমের স্ত্রীর মোবাইল ফোনে তার স্বামীর মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। ভিকটিমের স্ত্রী নিজের স্বামীকে উদ্ধারের জন্য গাবতলী থানায় ও র্যাব-১২ বগুড়া ক্যাম্পে তার স্বামী অপহরণের অভিযোগ জানায়। অভিযোগের প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা টিম অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত ৫টার দিকে সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত আব্দুল লতিফকে উদ্ধার এবং চার অপহরণকারীদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, অপহরণকারী চক্র ভিকটিম আব্দুল লতিফকে জোরপূর্বক গাবতলী থেকে সারিয়াকান্দিতে নিয়ে এসে একটি বাসায় আটকে রাখে। গ্রেফতারকৃত অপরণকারীদের গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা করা হয়েছে।