আন্তর্জাতিক ডেস্ক
এমনিতেই পৃথিবীর অন্য যেকোনো দেশের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার দুর্বল অবকাঠামো ফলে প্রাকৃতিক দুর্যোগ দেশটিকে প্রতিবারেই বেশ ভোগান্তিতে ফেলে তার উপর গত বছরের তীব্র খরার ফলে সৃষ্ট খাদ্যসংকটের সাথে এবারের ভারী বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় পুরোপুরি ভেঙ্গে পড়েছে দেশটির স্বাভাবিক অবস্থা।
রোববার (০৮ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিটিভির বরাত দিয়ে জানা যায়, বন্যায় দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের বেশি ঘরবাড়ি, তলিয়ে গেছে ফসলি জমি। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষকে।
চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই তীব্র খাদ্যসংকটে ভুগছে উত্তর কোরিয়া। গত জুনে খাদ্যসংকটের কথা স্বীকার করে দেশটির সরকার। দক্ষিণ হ্যামগিউ প্রদেশে বন্যাকবলিত অঞ্চলগুলোয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহায়তা পাঠানোর নির্দেশনা দিয়েছেন বলে রোববার কেসিএনএর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কেসিটিভির এক ভিডিও ফুটেজে দেখা যায়, বন্যাকবলিত এলাকায় পানি প্রায় বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সেতু। দেশটির হ্যামগিউ প্রদেশে হাজার হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানির নিচে চলে গেছে রাস্তাঘাট। প্রদেশটিতে নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণে নির্মাণ করা বাঁধগুলোও ভেঙে পড়েছে।
আগামী ১০ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছেন উত্তর কোরিয়ার আবহাওয়া অফিসের উপপ্রধান রি ইয়ং ন্যাম। তিনি বলেন, আরও বৃষ্টিপাত বন্যার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।