ডেস্ক রিপোর্ট
বিশ্বে এ পর্যন্ত করোনা সংক্রমণ ২০ কোটি ২ লাখ ছাড়িয়েছে। এই হিসাবে বিশ্বের প্রতি ৪০ জনের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়েছেন। বিভিন্ন সরকারের সূত্রে প্রাপ্ত পরিসংখ্যান, বিশেষজ্ঞ এবং সংবাদমাধ্যমের প্রতিবেদন সমন্বিত করে এই তথ্য পাওয়া গেছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অনুমিত হিসাবে বলা হয়, বিশ্বের মোট জনসংখ্যা ৭৮৭ কোটি ৫০ লাখ। এই হিসাবে বিশ্বের জনসংখ্যার প্রতি ৪০ জনের একজন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংখ্যার অর্ধেকই পাঁচটি দেশের নাগরিক। দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র (৩ কোটি ৫৩ লাখ), ভারত (৩ কোটি ১৮ মিলিয়ন), ব্রাজিল (২ কোটি), রাশিয়া (৬৪ লাখ) এবং ফ্রান্স (৬৩ লাখ)।
পশ্চিম ইউরোপের দেশগুলোতে গ্রীষ্মের শুরুতে নতুন করে সংক্রমণের খবর পাওয়া যায়, তবে দেশগুলো গত কয়েক সপ্তাহে পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় রাখতে সক্ষম হয়েছে। এদিকে জুলাই মাসে উত্তর আমেরিকা এবং এশিয়ার দেশগুলোতে দৈনিক সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পায়।
বিশ্বে করোনা ভাইরাসে ৪২ লাখ ৫০ হাজার লোকের মৃত্যু হয়েছে। এই হিসাবে করোনা আক্রান্ত রোগীদের ২.১ শতাংশের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোকের মৃত্যু হয়েছে, এরপরে রয়েছে ব্রাজিল এবং ভারত। সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড করা হয়েছে ইয়েমেন (১৯.৫%) এবং পেরুতে (৯.৩%)।