স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা উপসর্গে মারা যান আটজন। করোনা শনাক্ত হয়েছে ৯৭ জনের শরীরে।
শনিবার দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
করোনায় মৃতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দির আসাদুল ইসলাম (৪৭) ও গাবতলীর দুলু মিয়া (৬৮), নাটোরের হায়দার হোসেন (৫৫), জয়পুরহাটের গোলাম রব্বানী (৫২) এবং দিনাজপুরের মোজাম্মেল হক (৫৫)।
এদের মধ্যে হায়দার ও আসাদুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, গোলাম রব্বানী বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে, মোজাম্মেল হক টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে এবং দুলু মিয়া গাবতলীর নিজ বাড়িতে মারা গেছেন।
বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুটি হাসপাতালে ৩২৮ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৫৭ শতাংশ। এদের মধ্যে বগুড়া সদরে ৭০ জন, শাজাহানপুরে ১১, দুপচাঁচিয়ায় আট, সারিয়াকান্দিতে দুই এবং গাবতলী ও শেরপুরে একজন করে। এ সময় সুস্থ হয়েছেন আরও ১০৫ জন।
সূত্রটি আরও জানায়, বগুড়া শজিমেক হাসপাতালে পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এছাড়া টিএমসি ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের পজিটিভ হয়েছে।
এ নিয়ে এ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ১৫ হাজার ৫২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন, ১৩ হাজার ৪৫০ জন। নতুন পাঁচজনসহ মোট মৃতের সংখ্যা ৪৬০ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন, এক হাজার ৬১৪ জন।