নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে উপজেলার চাপিলাপাড়া গ্রামে এক যুবলীগ নেতার বসতবাড়ির ১০টি ঘর অগ্নিকান্ডে ভূস্মিভূত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার পরিবারের। তবে কেউ হতাহত হয়নি।
সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া গ্রামে যুবলীগ নেতা জুবায়েদ আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ২নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ও চাপিলাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা ও ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, প্রতিদিনের মতো রাতে তারা ঘুমিয়ে পড়ে। হঠাৎ প্রতিবেশিদের চিৎকার শুনে ঘর থেকে বাহিরে বের হওয়ার চেষ্টা করে জুবায়েদসহ তার পরিবার। তবে আগেই বাহির থেকে তার দরজা বন্ধ করে দিয়েছিল দূর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন এসে দরজা খুলে তাদের উদ্ধারসহ আগুন নেভানো চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্থ জুবায়েদ আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের পুকুর নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এছাড়া এবার আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী। এইসব কারণে প্রতিপক্ষরা বাড়িতে পেট্টোল ঢেলে আগুন দিয়ে আমিসহ আমার পরিবারকে হত্যার চেষ্টা করে।
তিনি আরও বলেন, আগুনে আমার নগদ ৭ লাখ টাকাসহ আলু, পেঁয়াজ, আসবাবপত্র, টিনসহ সবকিছু পুড়ে গেছে।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ারের সদস্যরা। সেখানে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে করে তাদের প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পরির্দশন করেছে। আগুন লাগার বিষয়ে তদন্ত চলছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।