স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) জিয়াউল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, গতকাল সোমবার নমুনা পরীক্ষায় জেলা প্রশাসক জিয়াউল হক কোভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়। তবে করোনায় আক্রান্ত হলেও তিনি সুস্থ রয়েছেন। অবশ্য ডায়াবেটিস থাকার কারণে তাকে উন্নত চিকিৎসার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম আলী বেগ জানিয়েছেন, জেলা প্রশাসক জিয়াউল হক, তার স্ত্রী এবং দুই কন্যাসহ চারজনের মধ্যে শুধু তিনিই পজিটিভ হয়েছেন। অন্যদের নেগেটিভ ফলাফল এসেছে।
বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক জানান, শরীরে জ্বর অনুভব করায় সোমবার সকালে তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। পরে রাতে তাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রেজাল্ট পজিটিভ এসেছে। তিনি বলেন, ‘করোনা পজিটিভ হলেও আমি শারীরিক ও মানসিকভাবে সম্পুর্ণ সুস্থ রয়েছি।’
বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। সেই থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ৮ হাজার ১০৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৯৩ দশমিক ৫৩ শতাংশ বা ৭ হাজার ৫৮৩ জন সুস্থ হয়েছেন। তবে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৩ জন, যা মোট আক্রান্তের ২ দশমিক ৩৮ শতাংশ। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে জেলার সরকারি-বেসরকারি তিনটি হাসপাতালসহ নিজ নিজ বাড়িতে মোট ৩৩১ জন চিকিৎসাধীন রয়েছেন।