স্টাফ রিপোর্টার, ঢাকা
গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সাহানা বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে স্বামী সামচু শেখ (৬০) । এ সময় কোপের আঘাতে ছেলে মিঠুন শেখও (৩০) গুরুতর আহত হয়েছে।
সোমবার সকাল ৭ টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত ও নিহতের বাড়ি একই উপজেলার রাঘদী ইউনিয়নের তাতীহাটি গ্রামে। তারা চরপ্রসন্নদী গ্রামে মজিবর মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের তাতীহাটি গ্রামের সামচু শেখ তার পরিবারের লোকজন নিয়ে দীর্ঘদিন যাবত একই ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের এফ.সি স্কুল সংলগ্ন মজিবর মিয়ার বাসায় ভাড়া থাকতো। আজ সোমবার সকাল ৭টার সময় পারিবারিক কলহের জের ধরে ছেলে মিঠুন শেখ ও মা সাহানা বেগমের সাথে সামচু শেখের কথাকাটাকাটি হয়। এ সময় সামচু শেখ তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মা ছেলেকে উদ্ধার করে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহানা বেগমকে মৃত ঘোষণা করেন এবং মিঠুন শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কহলের জেরে এ ঘটনা ঘটেছে। সাহানা বেগম রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। আহত ছেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সামচু শেখকে গ্রেফতার ও মামলা দায়ের প্রস্তুতি চলছে।